মায়ের সঙ্গে স্ত্রীর ঝগড়া, ক্ষোভে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

সারাদেশ
মায়ের সঙ্গে স্ত্রীর ঝগড়া, ক্ষোভে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা
১৩ আগস্ট ২০২৬, ১২:৪৪ এএম

সুনামগঞ্জের দিরাইয়ে শাশুড়ি ও স্ত্রীর কলহের জেরে নিজ সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত বাবা কামরুল মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে।

বুধবার সকালে সুনামগঞ্জের পৃথক দুটি এলাকা থেকে শিশু দুজনের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো উপজেলার শ্যামারচর মধুপুর গ্রামের কামরুল মিয়ার সাত বছর বয়সী ছেলে মুহাদ্দিস মিয়া এবং চার বছর বয়সী মেয়ে তুলনা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে শিশু দুজন হঠাৎ নিখোঁজ হয়। প্রাথমিক অবস্থায় কামরুল মিয়া স্থানীয়দের জানান, তিনি তাঁর সন্তানদের খুঁজে পাচ্ছেন না। তবে অনুসন্ধানের সময় তাঁর কথাবার্তায় অসঙ্গতি ও আচরণে সন্দেহ দেখা দিলে গ্রামবাসী তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পরে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে তিনি নিজ সন্তানদের হত্যার বিষয়টি স্বীকার করেন।

স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ দিরাই-সিলেট সড়কের মদনপুর সংলগ্ন দেখার হাওর ও জাউয়া এলাকা থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। মায়ের সঙ্গে স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে ক্ষোভের বশে কামরুল মিয়া তাঁর দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।