পুলিশকে দলীয় প্রভাবমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
পুলিশ কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক বাহিনী হিসেবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনের মাধ্যমে পুলিশকে জনগণের আস্থার প্রতীক হয়ে ওঠার আহ্বান জানান তিনি।
রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে, দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা শেষে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া নবীন পুলিশ কর্মকর্তাদের অভিনন্দন জানাই। নতুন বাস্তবতায় আইনের শাসন প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন এবং মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশ সদস্যদের চেইন অব কমান্ড মেনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি ‘বেস্ট প্রবেশনার’ এবং ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’ পুরস্কার অর্জন করেন। এ ছাড়া ‘বেস্ট একাডেমিক’ পুরস্কার পান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ‘বেস্ট শ্যুটার’ নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ. বি. এম. মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল, অ্যাডিশনাল আইজিপি জি এম আজিজুর রহমান।







আপনার মতামত লিখুন