শাহরাস্তিতে মাদরাসার অভিভাবক সমাবেশ, ছবক পেল ৩৬ শিক্ষার্থী
চাঁদপুরের শাহরাস্তিতে ভোলদিঘী দারুল কোরআন নূরানী ইবতেদায়ী ও হাফেজিয়া মাদরাসার বার্ষিক অভিভাবক সমাবেশ, ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদরাসার ৩৬ জন শিক্ষার্থীকে হিফজ ও নাজেরা বিভাগের ছবক দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ভোলদিঘী দক্ষিণ বাজারে মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মাদরাসার নূরানী বিভাগের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করে হিফজ বিভাগের শিক্ষার্থী মো. মাহিদুল ইসলাম। পরে হামদ ও নাত পরিবেশন করে একই বিভাগের শিক্ষার্থী মো. জুনায়েদ হোসেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন নূরানী বিভাগের প্রধান শিক্ষক মাওলানা আরিফ বিল্লাহ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা হাদিস পাঠ, মাসআলা পরিবেশন, কবিতা আবৃত্তি এবং বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় বক্তব্য উপস্থাপন করে। এ ছাড়া তিন ভাষায় সূরা ফাতিহা তিলাওয়াত করে তারা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জাকির হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ কাজী জাহাঙ্গীর।
মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মো. শেখ ফরিদ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন। বক্তব্যে তিনি মাদরাসার শিক্ষা কার্যক্রমের অগ্রগতি ও শিক্ষার্থীদের মানোন্নয়নে অভিভাবক এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। শিক্ষার্থীদের আদর্শ ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে কাজী জাহাঙ্গীর বলেন, মাদরাসার শিক্ষার্থীদের পাশে তিনি সব সময় থাকবেন। তাদের পড়াশোনা ও দ্বীনি শিক্ষার প্রসারে সহযোগিতা অব্যাহত রাখবেন। এ সময় শিক্ষার্থীদের উৎসাহিত করতে তিনি নগদ অর্থ সহায়তা দেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহরাস্তি বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা এরশাদ উল্লাহ, দারুল কারীম আল ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা সাব্বির আহমেদ ওসমানী, চট্টগ্রাম ইসলামিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও মাদরাসার প্রতিষ্ঠাতার ছেলে মো. নিয়ামত উল্লাহ, মো. বেলাল হোসেন, ব্যবসায়ী আব্দুল আউয়াল, হাজীগঞ্জ আল মানারাত ইসলামিয়া একাডেমির পরিচালক মাওলানা শামসুল আলম, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন, অভিভাবক অতিথি মাওলানা মাসুম বিল্লাহ এবং ইতালি প্রবাসী ফয়েজ আহমেদ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। তাঁরা মাদরাসার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হিফজ ও নাজেরা বিভাগের ছবক প্রদান। এতে ৩৬ জন শিক্ষার্থীকে ছবক দেন উবাহু ইবনে ক্বাব (রা.) হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মতিউর রহমান।
পরে বিভিন্ন পরিবেশনায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কাইথড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত ভোলদিঘী দারুল কোরআন নূরানী ইবতেদায়ী ও হাফেজিয়া মাদরাসাটি প্রতিষ্ঠার পর থেকে ভোলদিঘী দক্ষিণ বাজার এলাকায় ধর্মীয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

আহসান হাবিব পাটওয়ারী, শাহরাস্তি প্রতিনিধি 





আপনার মতামত লিখুন