অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক ভ্যালি

ট্যুরিজম
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক ভ্যালি

ছবি-সংগৃহীত

১২ অক্টোবর ২০২৬, ৩:২১ পিএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, ‘জেএসএস নামধারী কিছু সন্ত্রাসী সাজেকে অবস্থান করছে’—এমন দাবি তুলে রোববার সকালে দুটি সংগঠন অবরোধের ডাক দেয়। পরে দুপুরে সাজেকে পর্যটকদের চলাচলের সড়কের গঙ্গারাম বাজার এলাকায় অবরোধের কারণে বিপাকে পড়েন পর্যটকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনার পর পর্যটকদের সাজেক ভ্যালিতে নিয়ে যাওয়া হয়।

সাজেকে এখন পর্যটনের ভরা মৌসুম। বিশেষ করে দুর্গাপূজার টানা ছুটি ঘিরে পর্যটকদের অগ্রিম বুকিং এবং পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি চলছিল। এমন সময়ে সাজেক বন্ধের ঘোষণায় হতাশ হয়ে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

খাগড়াছড়ি-সাজেক জিপ গাড়ির লাইনম্যান সৈকত চাকমা জানান, রোববার খাগড়াছড়ি থেকে ৫৮টি জিপসহ প্রায় ১০০টি গাড়িতে করে ১ হাজার ২০০ পর্যটক সাজেকে পৌঁছেছেন।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি স্বপন দেব বর্মন বলেন, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবেন।