মা ইলিশ রক্ষায় জেলেদের সচেতন করছে ‘ক্লিন চাঁদপুর’, খাদ্য সহায়তা পেলেন দুই শতাধিক জেলে
চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে জেলেদের সচেতন করতে প্রচারণা চালিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে দুই শতাধিক জেলের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত চাঁদপুর শহরের পুরানবাজারের রনাগোয়াল, হরিসভা, দোকানঘর ও বহরিয়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় মাইকিং করে জেলেদের মা ইলিশ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন।
প্রচারণাকালে জেলেদের নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার না করার এবং মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়। পাশাপাশি নিষেধাজ্ঞার ২২ দিন নদীতে ইলিশ শিকার থেকে বিরত থাকতে তাঁদের সচেতন করা হয়।
‘ক্লিন চাঁদপুর’-এর সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, উপকূলীয় এলাকার জেলেদের সরকারের নির্ধারিত সময় পর্যন্ত ইলিশ শিকার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ইলিশ জাতীয় সম্পদ, এটি রক্ষা করা সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, সরকার ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে জেলেদের খাদ্যসহায়তা দিচ্ছে। এর পাশাপাশি জেলেদের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষ থেকে সামান্য উপহার হিসেবে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে, যা তাঁদের কিছুটা হলেও উপকারে আসবে বলে তাঁরা আশা করছেন।
সংগঠনটি চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ‘বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ বিতরণ’ কর্মসূচিসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ছাড়া সড়কে শৃঙ্খলা রক্ষা, সড়ক সংস্কার এবং বিভিন্ন দুর্যোগে সরকারি উদ্যোগের পাশাপাশি সংগঠনটির সদস্যরা কাজ করেন।







আপনার মতামত লিখুন