চাঁদপুরে ১৪ মামলায় ২৮ জেলে গ্রেপ্তার, মেঘনায় ডুবল পুলিশের স্পিডবোট

চাঁদপুরে ১৪ মামলায় ২৮ জেলে গ্রেপ্তার, মেঘনায় ডুবল পুলিশের স্পিডবোট

ছবি-সংগৃহীত

১২ অক্টোবর ২০২৬, ২:০৩ পিএম

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪টি মামলায় ২৮ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ। এদিকে, মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে নৌ-পুলিশের একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশের একটি শটগান নিখোঁজ হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁদপুর সদর নৌ-পুলিশের ইনচার্জ আজমগীর হোসাইন জানান, মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করার সময় নৌ-পুলিশের স্পিডবোটটি ডুবে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। স্পিডবোটের সঙ্গে থাকা পুলিশের একটি শটগান নিখোঁজ হয়েছে।

চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, ডুবে যাওয়া স্পিডবোটটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শটগান উদ্ধারে ঘটনাস্থলে ডুবুরি দল নামানো হয়েছে।

এদিকে, মা ইলিশ সংরক্ষণে চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪টি মামলায় মোট ২৮ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর নৌ-পুলিশ ১৪ জন এবং মতলব উত্তরের মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ১০ জনকে গ্রেপ্তার করেছে। বাকি চারজনকে অন্যান্য নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে জেলেদের কাছ থেকে মাছ ধরার নৌকা, নিষিদ্ধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

অন্যদিকে, অবৈধ কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।