শিক্ষকরা সমাজ ও শিক্ষার্থীদের জন্য রোল মডেল: ডিসি
শিক্ষকরা সমাজ ও শিক্ষার্থীদের জন্য রোল মডেল বলে মন্তব্য করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিলেই হবে না, পাশাপাশি সামাজিক শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশেও শিক্ষকদের গুরুত্ব দিতে হবে।
সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’ প্রতিপাদ্যে সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সকাল ১০টায় সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, অতীতের কথা স্মরণ করলে সবার আগে শিক্ষাজীবন ও শিক্ষকদের কথা মনে পড়ে। শিক্ষার্থীরাও সারা জীবন তাদের শিক্ষকদের মনে রাখবে। তাই শিক্ষকদের এমন আচরণ ও আদর্শ ধারণ করতে হবে, যা শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সুন্দর আচরণ করতে হবে। তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। হাসিমুখে কথা বলা, অন্যকে সম্মান করা এবং সুন্দর সামাজিক সম্পর্ক বজায় রাখার শিক্ষা শিক্ষার্থীদের নিজেদের আচরণের মাধ্যমেও দিতে হবে। একই সঙ্গে শিক্ষকদেরও শিক্ষার্থীদের কাছ থেকে ভালো কিছু শেখার মানসিকতা থাকতে হবে।
শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, প্রকৃতির মাঝে বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ করে দিতে ‘প্রকৃতি পাঠশালা’ চালুর বিষয়টি সামনে এসেছে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃতির সান্নিধ্যে থেকে সামাজিক সম্প্রীতি, মূল্যবোধ ও বিভিন্ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে। চাঁদপুরে শিগগিরই এ ধরনের কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; শিক্ষার্থীদের চরিত্র গঠন, মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের সামনে আদর্শ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
বিশ্ব শিক্ষক দিবসের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, এ ধরনের আয়োজন শিক্ষক সমাজের মর্যাদা ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদান নিয়ে আলোচনা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে।
চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন।
চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মমিনুল হক এবং আনোয়ারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিয়াউদ্দিন খন্দকার। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।








আপনার মতামত লিখুন