নারায়ণগঞ্জে ২ কোটি ৯৫ লাখ টাকার কর চালানবিহীন সুতা জব্দ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কর চালানপত্র ছাড়াই মজুত রাখা ৭২ হাজার ৯৪৪ কেজি সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। চীন ও ভারত থেকে আমদানি করা মেটালিক, পলিয়েস্টার ও নাইলন সুতাগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৫ লাখ টাকা।
শনিবার (১০ অক্টোবর) সকালে আড়াইহাজারের পুরিন্দা বাজারে অনিক ট্রেডার্সের চারটি অনিবন্ধিত গুদামে অভিযান চালিয়ে এসব সুতা জব্দ করা হয়।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জের একটি প্রতিরোধী দল (প্রিভেন্টিভ টিম) এ অভিযান পরিচালনা করে। অনিক ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজী মোবারক মোল্লা।
কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, তল্লাশির সময় গুদামগুলোতে কর চালানপত্রবিহীন বিপুল পরিমাণ সুতা পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
জব্দ করা সুতার বিপরীতে প্রযোজ্য রাজস্ব আদায়ের লক্ষ্যে ইতোমধ্যে আইনি কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ।
এম/আর







আপনার মতামত লিখুন