শাহরাস্তিতে ৩ পিস ইয়াবাসহ অটো রাইস মিলের কর্মচারী গ্রেপ্তার
চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবাসহ রাসেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শিবপুর বাংলাবাজার এলাকায় নাহিদ স্টোরের সামনে সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল আলম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। এ সময় রাসেলের হেফাজত থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাসেল কুমিল্লার লাকসাম উপজেলার পূর্ব লাকসাম এলাকার মৃত মকবুল আহামদের ছেলে। তিনি বর্তমানে শাহরাস্তির শিবপুর বাংলাবাজার এলাকার মীম মীনা অটো রাইস মিলে কর্মচারী হিসেবে কাজ করতেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি ১০ নভেম্বর ২০২৬ তারিখে নথিভুক্ত করা হয়। মামলা নম্বর ৯ এবং জিআর নম্বর ৩৫২।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

আহসান হাবিব পাটওয়ারী, শাহরাস্তি প্রতিনিধি 




আপনার মতামত লিখুন