হাজীগঞ্জে প্রথমবারের মতো মিনি ম্যারাথন, দৌড়ালেন ৭৫৬ প্রতিযোগী

হাজীগঞ্জ
হাজীগঞ্জে প্রথমবারের মতো মিনি ম্যারাথন, দৌড়ালেন ৭৫৬ প্রতিযোগী
১৪ নভেম্বর ২০২৬, ১:০৪ পিএম

শরীরচর্চা ও স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের হাজীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ৬ কিলোমিটার মিনি ম্যারাথন। ‘সুস্থতার জন্য দৌড়’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ৭৫৬ জন প্রতিযোগী অংশ নেন।

শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে ম্যারাথনটি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে দৌড় শুরু হয়ে হাজীগঞ্জ বাজার, বিশ্বরোড ও বদরপুর মোড় প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

বয়সভিত্তিক চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী আয়োজনে অংশ নিতে ভোর থেকেই প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পাশাপাশি প্রতিযোগিতা উপভোগ করতে সড়কের বিভিন্ন স্থানে ভিড় করেন দর্শনার্থীরা।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মসহ সব বয়সী মানুষের মধ্যে নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতাটি সফল করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন ও হাজীগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।

এ বিষয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মিজানুর রহমান সেলিম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসাইন আয়োজনটিকে ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

প্রতিযোগিতা শেষে প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও মেডেল তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রতিটি গ্রুপের আরও ২০ জন প্রতিযোগীকে মেডেল প্রদান করা হয়।

প্রথমবারের মতো আয়োজিত এ ম্যারাথনে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন বিজয়ীসহ অন্যান্য প্রতিযোগীরা।

আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে। এর মাধ্যমে নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি একটি সুস্থ, সচেতন ও ক্রীড়ামুখী প্রজন্ম তৈরি হবে।