ক্যাশলেস লেনদেনে গ্রাহকদের উৎসাহিত করতে সাচারে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা

কচুয়া
ক্যাশলেস লেনদেনে গ্রাহকদের উৎসাহিত করতে সাচারে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা
১১ অক্টোবর ২০২৬, ৭:৪৯ পিএম

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে পূবালী ব্যাংক পিএলসি সাচার বাজার উপশাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এর আগে বাজারে একটি র‍্যালি বের করা হয়। এ সময় পূবালী ব্যাংকের একটি বুথও উদ্বোধন করা হয়।

সভায় ক্যাশলেস লেনদেনের গুরুত্ব, আধুনিক ব্যাংকিং সেবার প্রসার এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনে গ্রাহকদের উৎসাহিত করার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও রিজিওনাল ম্যানেজার (আরএম) মাইনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি সাচার বাজার উপশাখার ব্যবস্থাপক ও সভার সভাপতি শংকর কুমার রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের এজিএম ও আরআরএম দুর্গতি প্রসাদ ভট্টাচার্য, পূবালী ব্যাংক কচুয়া শাখার ব্যবস্থাপক মো. এমরান হোসেন, সাচার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এ এফ এম নওশের আলম মিয়া, সাচার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিন মজুমদার এবং সাচার বাজারের ব্যবসায়ী মো. মিন্নত আলী তালুকদার মিনু ও চিকিৎসক ডা. সোলেমান মিয়া।

বক্তারা বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার প্রসারে ক্যাশলেস লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেনের অভ্যাস গড়ে উঠলে তা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে। এ জন্য গ্রাহক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তাঁরা। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং সেবার ব্যবহার বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন পূবালী ব্যাংকের জুনিয়র অফিসার মো. মেসবাহ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূবালী ব্যাংক পিএলসি সাচার বাজার উপশাখার ডেপুটি জুনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. এনায়েত উল্লাহ ভূঁইয়া।

এ সময় পূবালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।