মার্কিন নির্বাচনে হাজীগঞ্জের মাসুদুর রহমান ফের সিনেটর নির্বাচিত
কানেকটিকাটের ৪ নম্বর আসনে ৬৬ শতাংশ ভোট পেয়ে জয়
এমডি মাসুদুর রহমান। ছবি-সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কানেকটিকাট অঙ্গরাজ্যের স্টেট সিনেটর হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এমডি মাসুদুর রহমান। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কৃতিসন্তান।
প্রাথমিক ফল অনুযায়ী, কানেকটিকাট স্টেট সিনেটের ৪ নম্বর আসনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এমডি মাসুদুর রহমান রিপাবলিকান প্রার্থী জেন জেনিংসকে পরাজিত করেছেন। নির্বাচনে মাসুদুর রহমান পেয়েছেন ৬৬ শতাংশ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জেন জেনিংস পেয়েছেন ৩৪ শতাংশ ভোট।
এর আগে ২০২২ সালের সাধারণ নির্বাচনে প্রথমবার কানেকটিকাটের ৪ নম্বর আসন থেকে সিনেটর নির্বাচিত হন মাসুদুর রহমান। ২০২৪ সালের নির্বাচনেও ৩৩ হাজার ৯৯ ভোট পেয়ে আসনটি ধরে রেখেছিলেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত আরও কয়েকজন রাজনীতিক জয় পেয়েছেন। জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। নিউ হ্যাম্পশায়ারের আইনসভার সদস্য আবুল খানও নির্বাচনে জয়ী হয়েছেন বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে।
মাসুদুর রহমান পাটওয়ারী হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোনাইমুড়ি গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত নুরুল হক পাটওয়ারীর সন্তান। তাঁর পুনর্নির্বাচিত হওয়ার খবরে হাজীগঞ্জের স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।
নির্বাচনে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।






আপনার মতামত লিখুন