চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ৪৪ জেলে আটক, সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ৪৪ জেলে আটক, সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
১৪ অক্টোবর ২০২৬, ৩:০৭ পিএম

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর প্রথম ছয় দিনে চাঁদপুরের মেঘনা ও পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৪৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১৬টি নৌকা ও ৯০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। আটক জেলেদের মধ্যে ৩৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে কোস্ট গার্ড জানায়, ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযানের অংশ হিসেবে নদী ও উপকূলীয় এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। জব্দ করা কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৪ লাখ ৪৩ হাজার টাকা। এ ছাড়া আটক জেলেদের কাছ থেকে মোট ১৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের নদ-নদীতে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে।

কোস্ট গার্ডের লেফটেন্যান্ট মুহতাদীন ইসলাম বলেন, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান অব্যাহত রয়েছে।

আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে নদীতীরবর্তী এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে।

তিনি আরও জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।