হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা
চাঁদপুরের হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ১৮ জন ট্যালেন্টপুল ও ১৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে শায়কা দিলরুবা দীপ্তি।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় কৃতী শিক্ষার্থী রিজোয়ানা হক ও নাদিয়া সুলতানা এবং অধ্যয়নরত শিক্ষার্থী তাহসিন ইসমাইল সর্দার ও সাফওয়ান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে শিক্ষার্থী আফিফ হাসান। গীতা পাঠ করে অর্ঘ্য মজুমদার। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আকবর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াছ।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান মিয়াজী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ এস এম কামরুজ্জামান টুটুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার শিশির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসাইন চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কুলছুম আক্তার, ইউনুছ মিয়া ও মো. গিয়াস উদ্দিন পাটওয়ারী, সাবেক সদস্য মো. নজরুল ইসলাম সর্দারসহ অন্যান্য অতিথি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।







আপনার মতামত লিখুন