একাদশ শ্রেণীর নবীন বরণ

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের জন্য আমার কাছে চাইতে হবে না: মমিনুল হক

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের জন্য আমার কাছে চাইতে হবে না: মমিনুল হক
১৫ অক্টোবর ২০২৬, ৯:৫৪ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজের উন্নয়ন, জাতীয়করণ, একাডেমিক ভবন ও ছাত্রাবাস নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক। তিনি বলেছেন, ‘হাজীগঞ্জ ডিগ্রি কলেজের জন্য আমার কাছে চাইতে হবে না।’

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তাদের দাবির পরিপ্রেক্ষিতে কলেজটির জাতীয়করণ প্রসঙ্গে সংসদ সদস্য মমিনুল হক বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের শাহরাস্তি সফরের সময় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবি জানানোর পরিকল্পনা করেছিলেন। তবে মেহের ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও শাহরাস্তির নেতারা দোয়াভাঙ্গা গেট সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে একই দাবি জানান এবং প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা দেন। পরে শিক্ষামন্ত্রীর পরামর্শে তিনি ওই কর্মসূচিতে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের জাতীয়করণের দাবি না তোলার সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রীর পরামর্শ অনুযায়ী পরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ জাতীয়করণের জন্য ডিও লেটার জমা দিয়েছেন। এ ছাড়া কলেজে একটি একাডেমিক ভবন ও একটি ছাত্রাবাস নির্মাণের বিষয়ও তাঁর পরিকল্পনায় রয়েছে।
কলেজের পরিবেশ ও সবুজায়ন দেখে সন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য। একই সঙ্গে তিনি কলেজে রজতজয়ন্তী উদ্‌যাপনের নির্দেশনা দেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের হাতে ফুলের স্টিক তুলে দিয়ে বরণ করে নেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জাহেদ হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব এম এ রহিম পাটওয়ারী এবং পৌর বিএনপির সদস্যসচিব মো. খোরশেদ আলম ভুট্টো।

সহকারী অধ্যাপক তৌহিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. মাকসুদুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য মো. এমরান হোসেন, দাতা সদস্য মো. মোস্তফা মজুমদার সুমন এবং শিক্ষার্থীদের পক্ষে ইশা তাহমিনা ঐশী ও নুবজাহান আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান মিয়াজী, পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল খায়ের মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার হোসেন ভুলো মুন্সী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওমর ফারুক টিটু, মো. সাহাব উদ্দিন সাবু ও মো. বিল্লাল হোসেন পাটওয়ারীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।