প্রত্যেক ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার হবে: জেলা প্রশাসক

মতলব উত্তর
প্রত্যেক ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার হবে: জেলা প্রশাসক
২৬ অক্টোবর ২০২৬, ৫:১৪ পিএম

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চাঁদপুরের প্রতিটি ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব বিদ্যালয়ে পাঠাগার গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। ইতিমধ্যে জেলার ছয়টি ইউনিয়নে পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সোমবার (২৬ অক্টোবর) মতলবের ছেংগারচর পৌরসভার পৌর পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক বলেন, প্রতিটি ইউনিয়নে একটি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে পাঠাগার গড়ে তোলা হবে। এরপর ধাপে ধাপে উপজেলার সব বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ বাড়বে এবং জ্ঞানচর্চার পরিবেশ তৈরি হবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহমেদ জিয়াউর রহমান বলেন, উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকার বিষয়টি ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বক্তব্যে জেলা প্রশাসক স্থানীয় বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। এর মধ্যে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধের সুরক্ষা এবং ধনাগোদা নদীতে অবৈধ ঝাঁক দিয়ে মাছ শিকারের বিষয়টি উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছেংগারচর পৌরসভার পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ্ সুফিয়ান খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী এবং ছেংগারচর পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।