কাদলায় চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান প্রবাসী আবু নাসের মিয়াজি
আবু নাসের মিয়াজি। (ফাইল ছবি)
চাঁদপুরের কচুয়া উপজেলার ৮ নম্বর কাদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মালয়েশিয়া প্রবাসী আবু নাসের মিয়াজি। এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।
আবু নাসের মিয়াজি কাদলা ইউনিয়নের উত্তর-পূর্ব পাড়া মিয়াজি বাড়ির সন্তান। তিনি কচুয়া উপজেলা বিএনপির অন্যতম সদস্য এবং প্রবাসভিত্তিক সংগঠন ‘কচুয়া জাতীয়তাবাদী ফোরাম’-এর জ্যেষ্ঠ সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু নাসের মিয়াজি ব্যক্তিগত অর্থায়নে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় সহযোগিতা করছেন। পাশাপাশি ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের অবকাঠামোগত উন্নয়নে অনুদান দিচ্ছেন। বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও আর্থিক সহায়তা দিয়ে থাকেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) কাদলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁর এসব সামাজিক কর্মকাণ্ডের বিষয়ে জানা যায়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রবাসে থাকলেও বছরের উল্লেখযোগ্য সময় নিজ এলাকায় কাটান আবু নাসের মিয়াজি। এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং অসহায় পরিবারগুলোর প্রয়োজনে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রত্যন্ত এলাকার অনেক দরিদ্র মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এমন পরিস্থিতিতে আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন আবু নাসের মিয়াজি। তাঁর এসব উদ্যোগ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে ভূমিকা রেখেছে বলে মনে করেন তাঁরা।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আবু নাসের মিয়াজির পরিকল্পনার সঙ্গে যুক্ত রয়েছে এলাকার উন্নয়ন ভাবনা। স্থানীয়দের প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি কাদলা ইউনিয়নকে স্বনির্ভর ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেবেন।
পারিবারিক পরিচয়
আবু নাসের মিয়াজির বাবা আব্দুল হামিদ মাস্টার কাদলা দিঘিরপাড় ও রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বড় ভাই আবু জাফর মিয়াজি কচুয়া উপজেলার পরিচিত রাজনীতিবিদ। পারিবারিক অনুপ্রেরণায় সামাজিক, মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন আবু নাসের মিয়াজি।







আপনার মতামত লিখুন