চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় ৩০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার কারেন্টজাল ও মাছ ধরার তিনটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত জেলা টাস্ক ফোর্সের আওতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, অভিযানে ২০ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের মধ্যে ১৩ জনকে ১০ দিন করে এবং সাতজনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন শুক্কুর শেখ (২৫), মফিজ গাজী (৬০), সাব্বির গাজী (১৮), ফরহাদ গাজী (১৯), হাবিব খান (২০), তোফাজ্জল হোসেন (৫৫), সিয়াম পাটওয়ারী (২২), আলমগীর হাওলাদার (২৫), শহীদ গাজী (২৬), মো. আব্বাস (৪০), রিপন মিয়াজী (২০), মো. মাসুদ (৪১), নুর মোহাম্মদ (৩৫), দেলু সরদার (৪৫), মো. শাকিল (১৯), কালু খান (৩০), মো. হাবিব (৩৫), মো. হাবিব খান (৪০), মো. বারেক (২৮) ও মো. রবিউল ইসলাম (১৯)। তাঁদের সবার বাড়ি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
অভিযানে জব্দ করা ইলিশ মাছ এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। নৌকাগুলো কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা কারেন্টজাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।






আপনার মতামত লিখুন