চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
গোলাম মোস্তফা শামীম। (ফাইল ছবি)
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ করা চালের মধ্যে প্রায় ৫ টন চাল চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান। তিনি জানান, চাল জব্দের পর ওই প্রশাসনিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তিন সদস্যের তদন্ত কমিটি তাঁকে জিজ্ঞাসাবাদ করে। তাঁকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার পর রাতে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে রোববার গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম অভিযান চালিয়ে একটি মিনি ট্রাকসহ প্রায় পাঁচ টন চাল জব্দ করেন। চালগুলো চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) গোডাউন থেকে নেওয়া হয়েছিল। পরে জব্দ করা চাল সিএসডি গোডাউনে সংরক্ষণ করা হয়।
চাল পরিবহনের কাজে নিয়োজিত পিকআপচালক শাহাদাত জানান, চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার থেকে চালগুলো পরিবহনের ভাড়া নিয়ে তিনি কুমিল্লার লাকসামে যাচ্ছিলেন। চালের মালিকের নাম তাঁকে জানানো হয়নি। বলা হয়েছিল, লাকসামে পৌঁছালে মালিকের পরিচয় জানানো হবে। তবে পথিমধ্যে হাজীগঞ্জে পৌঁছানোর পর তাঁকে ফোন করে চালগুলো ফেরত নিয়ে আসতে বলা হয়।
চাল পরিবহনের টোকেনে ৪ হাজার ৯৩০ কেজি চালের পরিমাণ উল্লেখ থাকলেও সেখানে মালিকের নাম লেখা ছিল না বলে জানান ওই চালক।
খোঁজ নিয়ে জানা গেছে, মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলাকালে সরকার নিবন্ধিত জেলেদের জন্য চাল বরাদ্দ দেয়। এর অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৪ হাজার ৯৭০ জন জেলের জন্য ১১ দশমিক ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।
সেই বরাদ্দের চাল থেকে কীভাবে প্রায় পাঁচ টন চাল বাইরে নেওয়া হলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।






আপনার মতামত লিখুন