মতলব উত্তরে লুঙ্গির কোমরে মিলল এলজি, যুবক গ্রেপ্তার

আইন-আদালত
মতলব উত্তরে লুঙ্গির কোমরে মিলল এলজি, যুবক গ্রেপ্তার
২২ অক্টোবর ২০২৬, ১২:১৫ এএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি এলজি (ওয়ান শুটার গান) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ফরহাদ হোসেন (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকার ছৈয়াল বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের দিকনির্দেশনায় পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় ফরহাদ হোসেনের পরা লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ফরহাদ ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে।

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া জানান, চর ওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ হোসেনের কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির উৎস ও এ-সংক্রান্ত তথ্য উদ্‌ঘাটনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব পিপিএম বলেন, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।