নজরুলকে স্মরণ করে সাহিত্য সভা, উন্মোচিত হলো ‘জীবনের গল্প’

নজরুলকে স্মরণ করে সাহিত্য সভা, উন্মোচিত হলো ‘জীবনের গল্প’
২৪ অক্টোবর ২০২৬, ৩:৪২ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম স্মরণ, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, গান ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর সাহিত্য একাডেমির মাসিক সাহিত্য সভা। সভায় নতুন বইয়ের মোড়ক উন্মোচনের পাশাপাশি কবিতা ও গল্প প্রতিযোগিতার বিজয়ী এবং নিয়মিত সাহিত্য সভায় সর্বোচ্চ উপস্থিত থাকা সদস্যদের পুরস্কৃত করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসির উদ্দিন মিলনায়তনে একাডেমির বর্তমান কমিটির ১৭তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। এতে কবি, লেখক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন।
সাহিত্য একাডেমির পরিচালক, লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন একাডেমির সদস্য মোহাম্মদ হানিফ। স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিম।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সাহিত্য একাডেমির সাবেক মহাপরিচালক ও প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক কাজী শাহাদাত। অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী। কাজী নজরুল ইসলামের ছোটগল্প নিয়ে আলোচনা করেন সাহিত্য একাডেমির পরিচালক মাইনুল ইসলাম মানিক।

সাহিত্য পাঠ ও আলোচনায় অংশ নেন লেখক ও সংগঠক ম. নূরে আলম পাটওয়ারী, লেখক ও সাংবাদিক আব্দুল গনি এবং ‘জীবনের গল্প’ বইয়ের লেখক মাহমুদ হাসান খান।

সাংস্কৃতিক পর্বে নজরুলসংগীত পরিবেশন করেন সপ্তসুর সংগীত একাডেমির অধ্যক্ষ ও কণ্ঠশিল্পী রূপালী চম্পক এবং ঐশী। ফরহাদ আলম গজল পরিবেশন করেন। এ ছাড়া কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন খান মোহাম্মদ নিয়াজ মোর্শেদ। কবির জীবদ্দশায় তাঁর সান্নিধ্য পাওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন শিল্পী রূপালী চম্পক।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল লেখক মাহমুদ হাসান খানের নতুন বই ‘জীবনের গল্প’-এর মোড়ক উন্মোচন। আমন্ত্রিত অতিথিরা বইটির মোড়ক উন্মোচন করেন। বইটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন কবি নুরুন্নাহার মুন্নি।

সভায় আরও উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য সলিমুল্যা, নির্বাহী সদস্য কবির হোসেন মিজি, মনিরুজ্জামান বাবলু, উজ্জ্বল হোসাইন ও শেখ মহিউদ্দিন রাসেলসহ অনেকে।

নতুন প্রজন্মের মধ্যে সাহিত্যচর্চার আগ্রহ বাড়াতে একাডেমির উদ্যোগে স্কুল ও কলেজ পর্যায়ে আয়োজিত স্বরচিত কবিতা ও গল্প প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি গত এক বছরের মাসিক সাহিত্য সভাগুলোতে সর্বোচ্চ উপস্থিতির জন্য মুহাম্মদ হানিফ, আরিফুল ইসলাম শান্ত ও ইয়াছিন দেওয়ানকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত সাহিত্যচর্চা নতুন লেখকদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ ও নবীন লেখকদের সাহিত্যচর্চায় উৎসাহিত করতে চাঁদপুর সাহিত্য একাডেমির এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।