শাহরাস্তিতে দুই মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা

শাহরাস্তি
শাহরাস্তিতে দুই মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তি কালিবাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) কালিবাড়ি বাজারে অভিযান চালিয়ে ফিউচার সুইটস ও গ্রীন ফুডস্ অ্যান্ড সুইটস প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠান দুটির মিষ্টি, দধিসহ বিভিন্ন পণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সুনির্দিষ্ট ধারায় দুটি মামলা দায়ের করা হয়। পরে মামলায় প্রতিষ্ঠান দুটিকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় বিক্রিত পণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ যথাযথভাবে উল্লেখ করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বার্থে বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।