আল আমিন একাডেমিতে সিপিআর প্রশিক্ষণ, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
চাঁদপুরের আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বাড়াতে সিপিআর প্রশিক্ষণ, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিউরোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও ডায়াবেটিস বিষয়ে আলোচনা করা হয়। এসব রোগের ঝুঁকি, প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের অধ্যাপক ডা. জহিরুল হক চৌধুরী, আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সেক্রেটারি অ্যাডভোকেট শাহাজান মিয়া এবং কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্যবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি, জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক জ্ঞান দেওয়া এবং জীবন রক্ষাকারী সিপিআর প্রশিক্ষণ সম্পর্কে ধারণা ছড়িয়ে দেওয়াই এ কর্মসূচির উদ্দেশ্য।






আপনার মতামত লিখুন