কচুয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কচুয়া
কচুয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

চাঁদপুরের কচুয়ায় পৃথক অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাতে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৭টা ৫০ মিনিটে উপজেলার ৪ নম্বর পালাখাল মডেল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেঘদাইর বাজারে আবুল হোসেনের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় সুমন (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পালাখাল (পাটোয়ারী বাড়ি) এলাকার দুলাল মিয়ার ছেলে। পরে তাঁর দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

অন্যদিকে, রাত ৮টা ১০ মিনিটে উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের ভূঁইয়া বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ইব্রাহিম (২৫) নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়।

তিনি সাচার ইউনিয়নের শুয়ারুল (মোল্লা বাড়ি) গ্রামের মৃত রফিকের ছেলে। বর্তমানে তিনি মাঝিগাছা গ্রামের বরকত উল্লাহ প্রধানীয়া বাড়িতে তাঁর খালা খালেদা বেগমের বাড়িতে থাকতেন। এ সময় তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য তিন হাজার টাকা।

এ ঘটনায় আটক সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় কচুয়া থানায় মামলা করা হয়েছে। অপর আটক ইব্রাহিমের বিরুদ্ধে একই আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে।

কচুয়া থানা পুলিশ জানায়, আটক দুই আসামিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।