শাহরাস্তিতে জমি নিয়ে বিরোধ, ১৪৫ ধারায় আদালতের নির্দেশ
চাঁদপুরের শাহরাস্তিতে জমির দখল নিয়ে বিরোধের ঘটনায় ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
বিরোধপূর্ণ জমির প্রকৃত দখল পরিস্থিতি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিতে সহকারী কমিশনার (ভূমি), শাহরাস্তিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজ্জলা রানী চাকমা এ আদেশ দেন। জমির দখল নিয়ে বিরোধের ঘটনায় মোঃ রহমত উল্যাহ (৩০) নামে এক ব্যক্তির করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশনা দেন।
আবেদনে রহমত উল্যাহ উল্লেখ করেন, শাহরাস্তি উপজেলার ১০৪ নম্বর সূচীপাড়া মৌজার বিএস ৬৬৯ নম্বর খতিয়ান ও ১১৮৬ নম্বর খারিজি খতিয়ানভুক্ত ১৭৭৯ নম্বর হাল দাগের মোট .৮ একর জমি তার পিতা শমসের আলীর মালিকানাধীন ও দখলীয় সম্পত্তি ছিল।
পরবর্তীতে পৈতৃক ওয়ারিশ সূত্রে তিনি ওই জমির মালিকানা ও দখল লাভ করেন। জমির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করে ভোগদখলে রয়েছেন বলেও আবেদনে দাবি করেন তিনি।
আবেদনের অভিযোগে বলা হয়, গত ৩১ অক্টোবর সকাল ৯টার দিকে প্রতিপক্ষের কয়েকজন লোক ওই জমিতে বাঁশের বেড়া দেওয়ার চেষ্টা করেন। এ সময় সীমানাপ্রাচীরের গেট ভাঙচুর এবং জমি থেকে উচ্ছেদের চেষ্টা করা হয়। এতে বাধা দিলে বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়া হয় বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে রহমত উল্যাহ পাঁচজনকে প্রতিপক্ষ করে আদালতে আবেদন করেন।
আদালতের আদেশে সহকারী কমিশনার (ভূমি), শাহরাস্তিকে বিরোধপূর্ণ জমির বর্তমান দখল পরিস্থিতি সরেজমিনে তদন্ত করে মতামতসহ ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ১৪৫(১) ধারার বিধান অনুযায়ী উভয় পক্ষকে জমির দখলসংক্রান্ত বিষয়ে লিখিত বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বিরোধকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শাহরাস্তি মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় জমির দখল নিয়ে বিরোধের কারণে শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিলে ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।

আহসান হাবিব পাটওয়ারী, শাহরাস্তি প্রতিনিধি 





আপনার মতামত লিখুন