হাইমচরে তিন গোডাউন থেকে কারেন্ট জাল জব্দ, দুই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা

হাইমচর
হাইমচরে তিন গোডাউন থেকে কারেন্ট জাল জব্দ, দুই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা
১২ নভেম্বর ২০২৬, ৯:২২ পিএম

চাঁদপুরের হাইমচর উপজেলার সাহেবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তিনটি গোডাউন থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাহেবগঞ্জ বাজারে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কোস্ট গার্ড চাঁদপুরের সদস্যরা এবং হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা সহযোগিতা করেন। এ সময় বাজারের তিনটি গোডাউন থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযান চলাকালে দোষ স্বীকার করায় শাহাদাত সরদার (৩২) ও ওসমান গনি সরদার (৩২) নামের দুজনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী প্রত্যেককে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জব্দ করা কারেন্ট জাল বিধি অনুযায়ী বিনষ্ট করার জন্য কোস্ট গার্ড চাঁদপুর ও হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।