শাহরাস্তিতে ৩২ লাখ টাকা নিয়ে উধাও মর্জিনা দম্পতি, আদালতের ওয়ারেন্ট

শাহরাস্তি
শাহরাস্তিতে ৩২ লাখ টাকা নিয়ে উধাও মর্জিনা দম্পতি, আদালতের ওয়ারেন্ট

চাঁদপুরের শাহরাস্তিতে যৌথভাবে সিএনজি ব্যবসা পরিচালনার কথা বলে ৩২ লাখ টাকা নেওয়ার পর এক নারী ও তার স্বামীর বিরুদ্ধে আত্মগোপনে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে মামলা হলে অভিযুক্ত মর্জিনা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযুক্ত মর্জিনা আক্তার শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকী গ্রামের বাসিন্দা। তার স্বামী মো. সেলিম মিয়া পেশায় সিএনজিচালক ও ভ্রাম্যমাণ ব্যবসায়ী।

ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, বেরকী মজুমদার বাড়ির পাঁচজন মিলে নতুন সিএনজি কিনে চালকের মাধ্যমে ব্যবসা পরিচালনার উদ্যোগ নেন। ব্যবসা থেকে অর্জিত লাভ বিনিয়োগের আনুপাতিক হারে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে ২০২৫ সালের ১৩ জুলাই ৩০০ টাকার স্ট্যাম্পে একটি চুক্তিনামা সম্পাদিত হয়। ব্যবসার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় মর্জিনা আক্তারের স্বামী সেলিম মিয়াকে।

চুক্তি অনুযায়ী, প্রথম পক্ষ রেহানা আক্তার ১৪ লাখ টাকা, দ্বিতীয় পক্ষ জসিম উদ্দিন ৮ লাখ টাকা, তৃতীয় পক্ষ মোরশেদ আলম ৫ লাখ টাকা এবং চতুর্থ পক্ষ মনজুমা বেগম ৫ লাখ টাকা বিনিয়োগ করেন। সব মিলিয়ে ৩২ লাখ টাকা দিয়ে নতুন সিএনজি কিনে ব্যবসা পরিচালনার পরিকল্পনা করা হয়।

অভিযোগ রয়েছে, ব্যবসার জন্য সংগৃহীত পুরো ৩২ লাখ টাকা পঞ্চম পক্ষ মর্জিনা আক্তারের কাছে হস্তান্তর করা হয়। তার স্বামী সেলিম মিয়াকে ব্যবসার ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তী সময়ে ব্যবসার শর্ত অনুযায়ী মর্জিনা আক্তার একটি চেক প্রদান করেন বলে অভিযোগকারীরা জানান। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি বাদিনীর বসতঘরের ভেতরে চেকটি প্রদান করা হয়। পরবর্তী সময়ে ৮ ফেব্রুয়ারি চেকটি ব্যাংক এশিয়া পিএলসি, হাজীগঞ্জ শাখায় জমা দিলে তা ডিজঅনার হয়। এরপর ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নিযুক্ত আইনজীবীর চেম্বার থেকে অভিযুক্তের ঠিকানায় লিগ্যাল নোটিশ পাঠানো হয় বলে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, টাকা হস্তান্তরের কয়েক দিন পর মর্জিনা আক্তার ও তার স্বামী সেলিম মিয়া বাড়ি থেকে চলে যান। এরপর তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের দাবি, আদালত মামলাটি আমলে নিয়ে মর্জিনা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বর্তমানে মর্জিনা আক্তার ও তার স্বামী সেলিম মিয়া আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগীরা তাদের বিনিয়োগ করা ৩২ লাখ টাকা উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযুক্ত মর্জিনা আক্তার ও তার স্বামী সেলিম মিয়ার বিষয় শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, চেক জালিয়াতির কারনের মর্জিনা আক্তার এর বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তবে তাকে আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা চলছে।