মতলবে জমজমাট অস্থায়ী হাট, প্রকাশ্যে বিক্রি হচ্ছে ডিমওয়ালা ইলিশ

মতলব উত্তর
মতলবে জমজমাট অস্থায়ী হাট, প্রকাশ্যে বিক্রি হচ্ছে ডিমওয়ালা ইলিশ
১৫ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম

সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে চলছে ইলিশ শিকার। দুর্গম চরাঞ্চল ও বিভিন্ন নদীঘাটে অস্থায়ী হাট বসিয়ে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে তাজা ইলিশ। এসব মাছের মধ্যে ডিমওয়ালা মা ইলিশও রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি এড়িয়ে প্রতিদিনই বিভিন্ন পয়েন্টে চলছে মাছ ধরা ও বেচাকেনা।

স্থানীয়দের ভাষ্য, ইলিশের চাহিদা ও বাজারে ভালো দাম থাকায় অধিক লাভের আশায় এক শ্রেণির অসাধু জেলে ও মৌসুমি ব্যবসায়ী নিষেধাজ্ঞা অমান্য করছেন। নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ট্রলারে করে মাছ এনে সরাসরি ঘাটে বিক্রি করা হচ্ছে। কোথাও কোথাও জেলেরা নিজেরাই খুচরা বিক্রির জন্য অস্থায়ী বাজার বসাচ্ছেন। মাছ কেনাবেচাকে কেন্দ্র করে নদীর পাড়ে গড়ে উঠেছে এসব হাট।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই এসব কর্মকাণ্ড চলছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক জেলে বলেন, এবারের বাজারে ইলিশের ভালো দাম পাওয়া যাচ্ছে। এর মধ্যে ডিমওয়ালা মা ইলিশও ধরা পড়ছে। জীবিকার তাগিদে তাঁরা ঝুঁকি নিয়ে মাছ শিকার করছেন। তাঁদের দাবি, সরকারিভাবে দেওয়া চালের সহায়তা দিয়ে সংসার চালানো কঠিন। আবার প্রকৃত জেলেদের অনেকে সেই সহায়তা থেকেও বঞ্চিত হন।
মা ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার মূল উদ্দেশ্য হলো, ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দেওয়া এবং মাছটির বংশবৃদ্ধি নিশ্চিত করা। এ সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে ইলিশের প্রজনন ও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলার চরউমেদ, আমিরাবাদ, এখলাসপুর, বাহেরচর, মোহনপুর, বোরোচর, কাচিয়ারা বাজার, জনতা বাজার ও ষাটনলের বাবু বাজারসহ পাঁচ থেকে সাতটি পয়েন্টে প্রতিদিন ভোর থেকে সকাল আটটা পর্যন্ত এবং সন্ধ্যার পর রাতেও ইলিশ কেনাবেচা চলে।

বুধবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার চরউমেদ, আমিরাবাদ, এখলাসপুর, বাহেরচর, মোহনপুর, বোরোচর, কাচিয়ারা বাজার, জনতা বাজার ও ষাটনল এলাকার বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা যায়। একের পর এক মাছ ধরার ট্রলার ঘাটে ভিড়তে থাকে। জেলেরা ঝুড়ি ও ডালিভর্তি মাছ নিয়ে তীরে ওঠেন। কেউ কেউ ঘাটে পৌঁছানোর আগেই ট্রলারে থাকা অবস্থায় পাইকারদের কাছে মাছ বিক্রি করে দেন। পরে সেই মাছ নিয়ে নদীর পাড়ে বসেন খুচরা বিক্রেতারা। ক্রেতারা দরদাম করে পছন্দের ইলিশ কিনে নেন।

এ ছাড়া উপজেলার বোরোচরের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন পয়েন্টেও অবাধে মাছ বিক্রির খবর পাওয়া গেছে। শিবচরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসায় বাজারগুলো বেশ জমজমাট হয়ে উঠেছে।

অভিযানে সীমাবদ্ধতার কথা প্রশাসনের

নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। তবে দুর্গম চরাঞ্চল, জনবলসংকট, সীমিত বরাদ্দ এবং অভিযানের খবর আগেভাগে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে যাওয়ায় অবৈধভাবে ইলিশ শিকার ও বিক্রি পুরোপুরি বন্ধ করা কঠিন হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র নদীতে জাল ফেলছে এবং বিভিন্ন স্থানে মাছ বিক্রি করছে। এসব অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত রয়েছে।

চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় মৎস্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিভিন্ন স্থানে অস্থায়ী হাট বসার কথা স্বীকার করে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, জনবলসংকটের কারণে সব জায়গায় অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া এ বছর নদীতে মাছ ধরতে নামা জেলেদের মধ্যে অনেকেই মারমুখী আচরণ করছেন। তাঁদের সঙ্গে অল্পবয়সী ছেলেরাও নদীতে মাছ ধরতে নামছে। বয়সের কারণে অনেক ক্ষেত্রে তাদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না। তবে অবৈধ মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।