মেঘনায় মা ইলিশ শিকার, ৭ জেলের কারাদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। তাঁদের মধ্যে সাতজনকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ও মতলব উত্তর উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। এ সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করা হয়।
পরে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সাত জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দেন। এ ছাড়া একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দুই অপ্রাপ্তবয়স্ককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন রাসেল মৃধা, জীবন সরকার, মো. ইমরান, মো. লোকমান, জুয়েল, কাজল ও আবু সাঈদ। তাঁদের বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুর, পাচানিসহ আশপাশের এলাকায়।
সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে আরও জানান, কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের চাঁদপুর কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা কারেন্ট জাল উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আর জব্দ করা ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।







আপনার মতামত লিখুন