চাঁদপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ১৬ দলের অংশগ্রহণে শুরু হয়েছে বিষ্ণুদী যুব সমাজের আয়োজন
খেলা
চাঁদপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
৯ অক্টোবর ২০২৬, ৮:০৬ পিএম

চাঁদপুরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ‘মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট সিজন-১’-এর উদ্বোধন করা হয়।

৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ও বিষ্ণুদী যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সফিউদ্দিন বাবলু।

ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা কাউসার হামিদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হারুনুর রশিদ জাকির, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ মো. জিলানী, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান এবং চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হুমায়ূন আহমেদ কাউসার।

উদ্বোধনী অনুষ্ঠানে সফিউদ্দিন বাবলু বলেন, মাদক যুবসমাজ ও পরিবারের জন্য বড় অভিশাপ। মাদক থেকে মুক্ত থাকতে সামাজিক আন্দোলনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সুস্থ বিনোদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ফুটবল তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। এ ধরনের আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়তা করবে। তরুণেরা মাঠে ফিরে আসুক, মাদককে ‘না’ বলুক এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখুক—এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা বাশার ভূঁইয়া, মো. সোবাহান, মুন্না, মো. মেহেদী, মো. শুভ ও মো. রায়হান। এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রিয়াদ, সদস্যসচিব আহমেদ রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে জয় একতা স্পোর্টিং ক্লাবের

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় একতা স্পোর্টিং ক্লাব ও বিষ্ণুদী জুনিয়র এফসি। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ১-০ গোলে জয় পায় একতা স্পোর্টিং ক্লাব। ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মো. ফারুক।