সিলেটের ওসমানীনগরে ত্রিমুখী সংঘর্ষে চাঁদপুরের দুজন নিহত, আহত ৬
ছবি-সংগৃহীত
সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চাঁদপুরের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন চাঁদপুর সদর উপজেলার মহামায়া গ্রামের সুহেল আহমদ (৪৭) এবং মতলব দক্ষিণ উপজেলার খায়রুল ইসলাম (৪৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-চ-৭১-২৯৪৯) সঙ্গে সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৯-৫০৫৩) এবং শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার (সুনামগঞ্জ-থ-১১-৪৮৪৪) ত্রিমুখী সংঘর্ষ হয়।
এতে হাইয়েস মাইক্রোবাসের যাত্রী সুহেল আহমদ ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খায়রুল ইসলামকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এর আগে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাঁদপুরের দুই ব্যক্তির মৃত্যুর খবর তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।







আপনার মতামত লিখুন