মেয়ের জন্মদিনের কেক আনতে গিয়ে প্রাণ গেল সৌদিপ্রবাসী বাবার
নিহত আল আমিন। ছবি-সংগৃহীত
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামের এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেয়ের জন্মদিন উপলক্ষে কেক কিনতে হাজীগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদবাড়ির বাসিন্দা আ. মান্নানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ছিল আল আমিনের মেয়ের জন্মদিন। মেয়ের জন্য জন্মদিনের কেক কিনতে মোটরসাইকেল নিয়ে হাজীগঞ্জের উদ্দেশে রওনা হন তিনি। পথে মৌতাবাড়ি এলাকায় একটি বাসের চাপায় তাঁর মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় মোটরসাইকেলে থাকা হৃদয় (১৯) নামের অপর এক যুবকও গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আল আমিনের ভাই বাহার উদ্দিন জানান, তাঁর ভাইয়ের একটি কন্যাসন্তান রয়েছে। মেয়ের জন্মদিন উপলক্ষে কেক কিনতে যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে। ছুটি শেষে আগামী রোববার (১১ অক্টোবর) তাঁর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।
দুর্ঘটনার পর হাজীগঞ্জ থানা-পুলিশ নিহতের মরদেহ শাহরাস্তি থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মেয়ের জন্মদিনে যে বাবার কেক নিয়ে ফেরার কথা ছিল, সেই দিনই তাঁকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কৃষ্ণপুর গ্রামের পরিবেশ।








আপনার মতামত লিখুন