আগামীর বাংলাদেশ তোমাদের পরিচালনা করতে হবে: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি
‘আগামীর বাংলাদেশ তোমাদেরই পরিচালনা করতে হবে। তাই এখন থেকেই নিজেদের সেভাবে প্রস্তুত করতে হবে।’ চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে ২০২৫ সালের ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের কৃতি সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ ফরিদ আহমেদ মানিক।
শিক্ষার্থীদের উদ্দেশে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ধর্মীয় চর্চায়ও মনোযোগী হতে হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্যান্য ভাষা চর্চার প্রতিও গুরুত্ব দিতে হবে।
বিদ্যালয়ের সাফল্যের বিষয়ে তিনি বলেন, একটি বিদ্যালয়ের ভালো ফলাফলের পেছনে প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের নিরলস পরিশ্রম ও আন্তরিকতা রয়েছে। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘আমার পাঁচ বোন এই বিদ্যালয় থেকে লেখাপড়া করেছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার আবেগ ও ভালো লাগা জড়িয়ে আছে। আগামী দিনে তোমাদের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকব। তোমাদের লক্ষ্য হবে এই বিদ্যালয়কে বাংলাদেশের এক নম্বর বিদ্যালয় হিসেবে পরিচিত করা।’
বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, প্রধান শিক্ষক যেসব সমস্যা ও প্রয়োজনের কথা জানিয়েছেন, সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে বিদ্যালয়ের পানির সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের ব্যবহারের জন্য কিছু খেলাধুলার সামগ্রীও প্রধান শিক্ষকের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেন। বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চাঁদ সুলতানা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে ৮ম শ্রেণির শিক্ষার্থী প্রিয়তা। অনুষ্ঠান পরিচালনা করে ৯ম শ্রেণির শিক্ষার্থী মারজানা ঈষা ও আয়শা খানম।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। এর আগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দেওয়া হয়।
এ সময় চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু, চাঁদপুর সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নাসরিন আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৪২ জন ও ৮ম শ্রেণির ৬৮ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রীকে কৃতি সংবর্ধনা দেওয়া হয়।








আপনার মতামত লিখুন