শাহরাস্তিতে রাতে ঘোরাফেরায় ৫ কিশোর আটক, অভিভাবকের জিম্মায় মুক্ত
চাঁদপুরের শাহরাস্তিতে রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার সময় পাঁচ কিশোরকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য না পাওয়ায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক কিশোরদের জিজ্ঞাসাবাদে রাতে ঘোরাফেরার বিষয়ে সন্তোষজনক কোনো কারণ পাওয়া যায়নি। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে পাঠানো হয়। অভিভাবকরা ভবিষ্যতে সন্তানরা পড়াশোনা বাদ দিয়ে রাতে অযাচিতভাবে ঘোরাফেরা করবে না বলে পুলিশকে আশ্বস্ত করেন।
পরে থানা রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে আটক কিশোরদের বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য না পাওয়ায় সংশোধনের সুযোগ হিসেবে প্রথমবারের মতো তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ সময় অভিভাবকদের সন্তানদের চলাফেরার বিষয়ে সতর্ক নজর রাখার পরামর্শ দেওয়া হয়।
শাহরাস্তি থানা পুলিশ জানায়, কিশোরদের রাতের অযাচিত ঘোরাফেরা, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কিশোরদের অপরাধপ্রবণতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর 





আপনার মতামত লিখুন