শাহরাস্তিতে বসতঘরে হামলা-ভাঙচুর, টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ
চাঁদপুরের শাহরাস্তিতে পূর্ববিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর, মারধর ও নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. আব্দুর রহমান (৬৭) শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার আহাম্মদনগর (পাটোয়ারী বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে হারুন (৪৫), বাদল হোসেন (২৪), মেহেদী হাসান (২৪) সহ অজ্ঞাতনামা আরও প্রায় ৫০ জনকে বিবাদী করা হয়েছে।
আব্দুর রহমান অভিযোগে উল্লেখ করেন, বিবাদীদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিরোধের বিষয়ে সালিশ অনুষ্ঠিত হয়। সালিশের পরও বিরোধের জেরে বুধবার দুপুরে বিবাদীরা দলবদ্ধ হয়ে তার বসতঘরে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি করে। এ সময় ঘরে থাকা নগদ ২ লাখ টাকা ও আনুমানিক দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। বাধা দিতে গেলে আব্দুর রহমান ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়।
হামলাকারীরা কয়েকজনকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে আহতরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।
অভিযোগের বিষয় শাহরাস্তি মডেল থানার সূত্রে জানা যায় যে, এ বিষয় লিখিত ভাবে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর 





আপনার মতামত লিখুন