চাঁদপুরে পরিবেশ দূষণের দায়ে খামারিকে ১০ হাজার টাকা জরিমানা
চাঁদপুরে পরিবেশ দূষণের অভিযোগে নাজির গাজী নামে এক খামারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৪ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলার নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানকালে দেখা যায়, নাজির গাজী বসতবাড়ির মধ্যে উন্মুক্তভাবে গর্ত করে গরুর বর্জ্য অপসারণ করছিলেন। ওই বর্জ্য থেকে নির্গত পানি উপচে বৃষ্টির পানির সঙ্গে মিশে পাশের নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি করছিল। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বিদ্যালয়টির স্বাভাবিক পরিবেশও ব্যাহত হচ্ছিল।
এ ঘটনায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী নাজির গাজীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অপসারণ করা বর্জ্য পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনার জন্য তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







আপনার মতামত লিখুন