রহিমানগর বাজারের উন্নয়ন ও যানজট নিরসনে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময়
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর বাজারের সার্বিক উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং যানজট নিরসনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহছানুল হক মিলন, এমপি।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রহিমানগর ডিগ্রি কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবি, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদিন স্বপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম এবং বিএনপি নেতা নূর মোহাম্মদ কচিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় রহিমানগর বাজারের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন ব্যবসায়ী ও স্থানীয়রা। বিশেষ করে বাজারের যানজট নিরসন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ব্যবসায়ীদের চলাচল এবং বাজারের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তাঁরা নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও রহিমানগর বাজারের বিপুলসংখ্যক ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

মাসুম বিল্লাহ, (কচুয়া) চাঁদপুর 





আপনার মতামত লিখুন