চাঁদপুরের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিন উল্যাহকে সম্মাননা প্রদান করেছে কচুয়া প্রেসক্লাব। শিক্ষা ও শিক্ষকসমাজে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কচুয়া প্রেসক্লাবের আয়োজনে রাজমহল চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে গুণীজন সংবর্ধনা ও সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গুণীজনদের পাশাপাশি কৃতী শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. এমদাদ উল্যাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি নূর মোহাম্মদ কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মানিক সরকার এবং কচুয়া প্রেসক্লাবের আজীবন সদস্য শফিকুল ইসলাম মিঠু ও শফিকুল ইসলাম পাঠান স্বপন।
অনুষ্ঠানে কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিন উল্যাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষা, চিকিৎসা, সাংবাদিকতা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে যাঁরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অবদান রাখছেন, তাঁদের যথাযথ সম্মাননা জানানো প্রশংসনীয় উদ্যোগ। তাঁদের কর্ম ও সাফল্য অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশেষ করে কৃতী শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতা ও সৃজনশীলতার পরিবেশ তৈরি হবে।
বক্তারা আরও বলেন, একটি আদর্শ ও মানবিক সমাজ গঠনে শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক ও সমাজসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের কাজের যথাযথ মূল্যায়ন করা হলে সমাজে দায়িত্ববোধ, মানবিকতা ও ইতিবাচক কর্মকাণ্ডের চর্চা আরও বাড়বে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে শিক্ষা, চিকিৎসা, সাংবাদিকতা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সংবর্ধিত ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ব্যক্তিরা কচুয়া প্রেসক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেন।

