দীর্ঘ প্রায় ১৬ বছরের সাংবাদিকতা জীবনের পথচলায় জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্যপদ অর্জন করেছেন দৈনিক বাণিজ্য প্রতিদিনের সাংবাদিক গিয়াস উদ্দিন। সাংবাদিকদের আতুড়ঘর ও দ্বিতীয় বাড়ি হিসেবে পরিচিত জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্যপদ পেয়ে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন তিনি।
এ অর্জনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন গিয়াস উদ্দিন।
বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমেদ এবং সম্মিলিত পেশাজীবী ফোরাম ও বিএফইউজের মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরীর প্রতি। তাঁদের স্নেহ, সহযোগিতা ও আন্তরিকতা তাঁর সাংবাদিকতা জীবনের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানান তিনি।
এক প্রতিক্রিয়ায় গিয়াস উদ্দিন বলেন, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্যপদ পাওয়া তাঁর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি কেবল একটি সদস্যপদ নয়, বরং দীর্ঘদিনের পেশাগত পথচলায় পাওয়া বিশেষ স্বীকৃতি ও ভালো লাগার মুহূর্ত।
তিনি আরও বলেন, জাতীয় প্রেস ক্লাবের একজন সদস্য হতে পেরে মহান আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করছেন। আগামীর পথচলায় সবার দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও মূল্যবান দিকনির্দেশনা প্রত্যাশা করেন তিনি। পেশাগত ও ব্যক্তিগত জীবনে আরও ভালো কিছু করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
একই সঙ্গে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করেন।

