শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo

বিশ্ব ডায়াবেটিস দিবসে চাঁদপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য রোড শো

উপজেলা প্রতিনিধি, (চাঁদপুর সদর)

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) চাঁদপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে ডায়াবেটিক হাসপাতালের স্বাস্থ্য প্রশিক্ষণ কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রোড শো বের করা হয়। এতে অতিথি, সমিতির সদস্য এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। স্কাউট সদস্যদের বাদ্যযন্ত্রের তালে তালে রোড শোটি অনুষ্ঠিত হয়।

চাঁদপুর ডায়াবেটিক সমিতির সহসভাপতি ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীনের সভাপতিত্বে এবং সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো. ইকবাল আজমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন স্বাস্থ্য ও পুষ্টি প্রশিক্ষক মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক ও চ্যাডাসের সভাপতি আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং জীবনযাত্রার মান উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে। ডায়াবেটিস রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে হাসপাতালকে আরও গতিশীল করার পাশাপাশি চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধা সম্প্রসারণের বিকল্প নেই।

জেলা প্রশাসক বলেন, বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম। উদ্বেগের বিষয় হলো, তালিকার ওপরের দিকে থাকা অন্যান্য দেশের জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি। কায়িক শ্রম কমে যাওয়া, জীবনযাত্রার পরিবর্তন এবং কৃষিকাজে শ্রমিকের স্বল্পতার কারণে গ্রামাঞ্চলেও ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে।

ডায়াবেটিস রোগীদের সেবার মান বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর এবং চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান।
স্বাগত বক্তব্য দেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শায়ের গফুর। প্রতিপাদ্য বিষয়ের ওপর খাদ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ উপস্থাপনা করেন পুষ্টিবিদ মো. মাজহারুল হক চৌধুরী।

এ ছাড়া বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও আজীবন সদস্য সোহেল রুশদী, সমিতির প্রতিষ্ঠাতা ও চাঁদপুর চেম্বারের সভাপতি সুভাষ চন্দ্র রায়, পরিচালনা পর্ষদের সদস্য ডা. বিশ্বনাথ পোদ্দার, আজীবন সদস্য ডা. মাঈনুল মজুমদার, শিশু বিশেষজ্ঞ ডা. গফুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাস্টার, রোটারিয়ান মাহমুদা খানম, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সোহেল, রাজনীতিবিদ মজিবুর রহমান ও অ্যাডভোকেট কামাল উদ্দিন প্রমুখ।

বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্প পরিচালনা, মেডিকেল ক্যাম্পের পরিধি বৃদ্ধি, জীবনযাত্রার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালকে আরও যুগোপযোগী ও জনকল্যাণমুখী সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন