চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮ নম্বর হাটিলা (পূর্ব) ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন শিক্ষানুরাগী, সমাজসেবক ও ব্যবসায়ী সুলতান মাহমুদুল হাসান। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন।
সুলতান মাহমুদুল হাসান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাড়িয়াইন গ্রামের হাফেজ সাহেবের বাড়ির বাসিন্দা। তাঁর পিতা মরহুম সামছুল আলম এবং মাতা রৌশন আরা। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি একজন। তাঁর দুই মেয়ে রয়েছে। তাঁর শ্বশুরবাড়ি প্রতাপপুরের আটিয়া বাড়িতে।
শিক্ষাজীবনে তিনি টঙ্গীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে চাঁদপুর সরকারি কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ (অনার্স) এবং একই প্রতিষ্ঠান থেকে হিসাববিজ্ঞানে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত। চাঁদপুর মাছঘাট এলাকার পিউর ইলিশ এবং চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকার পিউর বিরিয়ানি হাউজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সংগঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন সুলতান মাহমুদুল হাসান। তিনি মোহনা শিল্পীগোষ্ঠী চাঁদপুরের সাবেক পরিচালক এবং সুনিপুণ শিল্পীগোষ্ঠী চাঁদপুরের সাবেক প্রতিষ্ঠাতা সহকারী পরিচালক ছিলেন। বর্তমানে হিলশা শিল্পীগোষ্ঠী চাঁদপুরের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ৮ নম্বর হাটিলা পূর্ব ইউনিয়ন সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক এবং শ্রমিক কল্যাণ, চাঁদপুর শহরের সহকারী সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক ও সাংগঠনিক জীবনে তাঁর সম্পৃক্ততা রয়েছে ছাত্রশিবিরের সঙ্গে। তিনি আল-আমিন একাডেমি ও গাছতলা মাদ্রাসা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং চাঁদপুর শহর ছাত্রশিবিরের সাবেক সাহিত্য সম্পাদক ছিলেন।
রূপালী চাঁদপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে সুলতান মাহমুদুল হাসান জানান, বিগত ফ্যাসিস্ট আমলে তাঁর বিরুদ্ধে চারটি মামলা হয়েছিল এবং তাঁকে চারবার কারাবরণ করতে হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয় পর্যায়ে নিজের অবস্থান জানান দিচ্ছেন তিনি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন সুলতান মাহমুদুল হাসান।

