বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

আবু নাসের মিয়াজির উদ্যোগে কাদলায় ক্রিকেট টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা

উপজেলা প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর)

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মালয়েশিয়া প্রবাসী ও চেয়ারম্যান প্রার্থী আবু নাসের মিয়াজির উদ্যোগে টি-টেন লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় জনপ্রতিনিধি, সমাজ সংগঠক ও তরুণদের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টের সার্বিক আয়োজনে রয়েছে স্থানীয় কাদলা টাইগার্স ক্লাব। মূল স্পনসর হিসেবে রয়েছে আবু নাসের মিয়াজির প্রতিষ্ঠান আল হামিদ এগ্রো লিমিটেড।

উদ্বোধনী অনুষ্ঠানে আবু নাসের মিয়াজি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পারলে তাদের মাদক থেকে দূরে রাখা সম্ভব। তরুণদের সঠিক পথে পরিচালিত করা এবং তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টে স্থানীয় একাধিক ক্রিকেট দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিন মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ আয়োজন ঘিরে স্থানীয় তরুণদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

উল্লেখ্য, আবু নাসের মিয়াজির প্রতিষ্ঠান আল হামিদ এগ্রো লিমিটেডের নামকরণ করা হয়েছে তাঁর বাবা কাদলার সাবেক প্রধান শিক্ষক মরহুম আল হামিদ মাস্টারের স্মরণে। বাবার স্মৃতি ও শিক্ষাকে ধারণ করে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ ক্রীড়া আয়োজন করা হয়েছে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন