চাঁদপুরের হাজীগঞ্জ থানা-পুলিশ নোয়াখালীর সুধারাম থানার দত্তেরহাট এলাকা থেকে চুরি হওয়া একটি পিকআপ উদ্ধার করেছে। এ ঘটনায় আনোয়ার হোসেন ওরফে ভাসানী (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) হাজীগঞ্জ থানা-পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) নূরে আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গত ২১ অক্টোবর রাতে নোয়াখালীর সুধারাম থানার দত্তেরহাট এলাকায় অভিযান চালান। এ সময় হাজীগঞ্জ থানায় দায়ের করা চুরির মামলায় আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। মামলাটি ২১ অক্টোবর দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার আনোয়ার হোসেন নোয়াখালীর কবিরহাট থানার উত্তর জগদানন্দ গ্রামের আমিন উল্যাহর ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাঁর দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে বাদীর চুরি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

