চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী উদ্যাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনুষ্ঠানটি রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে সর্বজনীনভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সংসদ সদস্যের হাজীগঞ্জ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তাঁরা শতবর্ষ উদ্যাপন ও পুনর্মিলনী আয়োজন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, শতবর্ষ উদ্যাপন ও পুনর্মিলনীর মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা হবে। এখানে কারও রাজনৈতিক পরিচয় থাকবে না। রাজনীতির ঊর্ধ্বে উঠে অনুষ্ঠানটিকে সর্বজনীন করতে চাই।
সভায় ২০২৭ সালের ২৩ অথবা ৩০ জানুয়ারি শতবর্ষ উদ্যাপনের সম্ভাব্য তারিখ হিসেবে প্রস্তাব করা হয়। অনুষ্ঠান আয়োজনের জন্য একটি উদ্যাপন কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়। এতে সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব জামাল তালুকদারকে আহ্বায়ক এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম সোহরাওয়ার্দীকে সদস্যসচিব করার প্রস্তাব গৃহীত হয়।
এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন ও বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আবু ছাইদকে অন্তর্ভুক্ত করে ১১ সদস্যবিশিষ্ট উদ্যাপন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নিবন্ধনপ্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার লক্ষ্যে বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শিক্ষকের সমন্বয়ে একটি কমিটি গঠনের দায়িত্ব অধ্যক্ষকে দেওয়া হয়েছে। শতবর্ষ উদ্যাপন ও পুনর্মিলনী আয়োজনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজন অনুযায়ী উপকমিটিও গঠন করবে উদ্যাপন কমিটি।
উল্লেখ্য, ২০১৬ সালে বিদ্যালয়টির শতবর্ষ পূর্ণ হয়। তবে বিগত সরকারের আমলে একাধিকবার শতবর্ষ উদ্যাপনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। সর্বশেষ সংসদ সদস্যের নির্দেশনায় স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

