বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ বিতারা গড়ার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী জামালের

উপজেলা প্রতিনিধি, (কচুয়া)

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীসহ সমগ্র কচুয়াবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুজ্জামান মজুমদার জামাল।

তিনি একটি আধুনিক, বৈষম্যহীন, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত এবং অসাম্প্রদায়িক ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

১৭ অক্টোবর দেওয়া এক শারদীয় শুভেচ্ছা বার্তায় কামরুজ্জামান জামাল বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির সম্প্রীতি, সামাজিক মিলনমেলা ও ঐক্যের অনন্য প্রতীক। ধর্ম যার যার, উৎসব সবার। সব ধরনের ভেদাভেদ ও হিংসা-বিদ্বেষ ভুলে অসাম্প্রদায়িক চেতনায় সব ধর্মের মানুষের একসঙ্গে উৎসব উদ্‌যাপন বাঙালির দীর্ঘদিনের সামাজিক সংস্কৃতি ও ঐতিহ্য।

কামরুজ্জামান মজুমদার জামাল কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সহসভাপতি এবং কচুয়া উপজেলা যুবদলের সহসভাপতি। তিনি উপজেলার মাঝিগাছা গ্রামের বাসিন্দা ও স্পেনপ্রবাসী।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রবাসে থাকলেও জন্মভূমি বিতারা ইউনিয়নের মানুষের কথা সব সময় তাঁর মনে থাকে। প্রবাসীদের সহযোগিতা ও স্থানীয় জনগণের সমর্থন নিয়ে এলাকার উন্নয়ন এবং মানুষের সেবায় কাজ করতে চান তিনি।
কামরুজ্জামান জামাল বলেন, বিতারা ইউনিয়নকে সব ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক আবাসস্থল হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি কাজ করতে আগ্রহী।

দুর্গাপূজা উপলক্ষে কচুয়া ও বিতারা ইউনিয়নের সব সনাতন ধর্মাবলম্বীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। একই সঙ্গে পূজার প্রতিটি দিন যেন আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে কাটে, সে প্রত্যাশা ব্যক্ত করেন।

শারদীয় দুর্গাপূজার ধর্মীয় ও সামাজিক আনুষ্ঠানিকতা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে স্থানীয় জনগণ ও প্রশাসনের প্রতি আহ্বান জানান এই চেয়ারম্যান পদপ্রার্থী।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন