বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের আত্মনির্ভরশীলতার প্রতীক: ডিসি

উপজেলা প্রতিনিধি, (চাঁদপুর সদর)

সাদাছড়িকে কেবল একটি লাঠি নয়, বরং দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের আত্মনির্ভরশীলতার প্রতীক হিসেবে বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল নিশ্চিত করা শুধু সরকার বা কোনো নির্দিষ্ট সংস্থার দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা যেন নিজেদের মেধা ও প্রজ্ঞা কাজে লাগিয়ে সমাজে অবদান রাখতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। চলাচলের সময় প্রয়োজনে তাঁরা পুলিশের সহযোগিতা নিতে পারেন। এ ছাড়া ফুটপাতে দৃষ্টিপ্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে ব্যবহৃত বিশেষ ব্লক বা টাইলস অনুসরণ করে পথ চলার পরামর্শ দেন তিনি।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আব্দুল্লাহ আল জুবায়ের এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফি উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ অতিথিরা।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন