বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

হাজীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, তদবির-লেনদেন না করার আহ্বান

উপজেলা প্রতিনিধি, (হাজীগঞ্জ)

চাঁদপুরের হাজীগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ ও ডেটা এন্ট্রি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে সফিক মেম্বারের বাড়িতে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

এ সময় ইউএনও বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি অগ্রাধিকারভিত্তিক প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়নে সবাইকে নির্ভুল তথ্য দিতে হবে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও এর সুবিধা পাওয়ার জন্য স্থানীয়ভাবে অনেকে তদবির শুরু করেছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে এ কর্মসূচিতে কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। নির্ধারিত পদ্ধতিতে তথ্যের ভিত্তিতে সুবিধাভোগীদের নির্বাচন করা হবে।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ফ্যামিলি কার্ডের জন্য কোনো অর্থ লেনদেনের প্রয়োজন নেই। কেউ টাকা দাবি করলে তাঁকে অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ জানানো যাবে। এ ছাড়া জাতীয় জরুরি সেবা নম্বর ১০৯৮-এ অভিযোগ করার কথা বলেন তিনি। অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে মো. শাহাদাত হোসেন বলেন, যাঁর নামে কার্ড হবে, তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি), একটি মুঠোফোন নম্বর এবং পরিবারের সব সদস্যের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। যাঁদের জাতীয় পরিচয়পত্র নেই, তাঁদের জন্মনিবন্ধন সনদ প্রয়োজন হবে। তাই তথ্য সংগ্রহের আগেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব এমএ রহিম পাটওয়ারী ও বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমাম হোসেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় পর্যায়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সময়ে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে এ কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ও হাটিলা পূর্ব ইউনিয়নে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন