মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Logo

ফরিদগঞ্জে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী, সাবেক খেলোয়াড় ও যুবসমাজ।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে কেরোয়া হোসনেআরা বেগম আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বিদ্যালয়ের পুরোনো ভবন ভেঙে সেখানে খেলার মাঠ তৈরির দাবি জানান। তাঁরা বলেন, শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করার উদ্যোগ প্রশংসনীয়। এ উদ্যোগের সঙ্গে সংগতি রেখে কেরোয়া গ্রামের ঐতিহ্যবাহী খেলার মাঠটি পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বক্তারা বলেন, একসময় এ মাঠ থেকে অনেক খেলোয়াড় উঠে এসে দেশের বিভিন্ন স্থানে ক্রীড়াঙ্গনে সুনামের সঙ্গে ভূমিকা রেখেছেন। কেরোয়া হোসনেআরা বেগম আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠটি ছিল স্থানীয় খেলোয়াড়দের আশা-আকাঙ্ক্ষার জায়গা। কিন্তু গত সরকারের আমলে মাঠের জায়গায় নতুন বহুতল বিদ্যালয় ভবন নির্মাণ করায় খেলাধুলার পরিবেশ নষ্ট হয়ে যায়। বর্তমানে নতুন ভবনে শিক্ষা কার্যক্রম চলায় পুরোনো ভবনটি ভেঙে মাঠটি পুনরুদ্ধার করা সম্ভব বলে তাঁরা মনে করেন।

তাঁরা আরও বলেন, খেলার মাঠের অভাবে নতুন প্রজন্ম খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। এতে মাদক, জুয়া ও মোবাইল ফোনের প্রতি আসক্তির ঝুঁকি বাড়ছে। পাশাপাশি সামাজিক ও পারিবারিক অস্থিরতাও বাড়ছে। শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি।

সাংবাদিক ও সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলাল।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, ব্যবসায়ী সোহেল হামিদ, সাবেক খেলোয়াড় জিয়াউর রহমান জিয়া, ছাত্রদল নেতা আব্দুল মালেক রায়হান, শ্রাবন মানিক ও শিমুল পাটওয়ারী।

এ ছাড়া ক্লাব পর্যায়ের খেলোয়াড় ওমর ফারুক মীম, মারুফ আহমেদ, শিমুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাবেক খেলোয়াড়েরা মানববন্ধনে অংশ নেন।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন