মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী ও বিভিন্ন মাছঘাটে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। এ সময় ইলিশ মজুতের দায়ে দুই আড়তদারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
চাঁদপুর মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে সদর উপজেলার রনগোয়াল, দোকানঘর, বহরিয়া, হরিনা, আলুবাজার, ফেরিঘাট খাল, আখনের ঘাট, নন্দী ঘাট, রাজরাজেশ্বর ও বড় স্টেশন মাছঘাট এলাকায় অভিযান চালানো হয়। এতে সদর উপজেলা মৎস্য বিভাগ, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের সদস্যরা অংশ নেন।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, অভিযান চলাকালে বড় স্টেশন মাছঘাটের আড়তদার মো. সেলিম ও মো. রফিককে ইলিশ মজুতের দায়ে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা ইলিশ ও কারেন্টজালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মা ইলিশ সংরক্ষণে জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

