চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রির দায়ে তিনটি হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় হোটেলগুলো থেকে প্রায় এক মণ ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বড় স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হিলশা কিচেনকে ৩০ হাজার টাকা, মেজবান হোটেলকে ২০ হাজার টাকা এবং দেলোয়ার হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি হোটেল থেকে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, চাঁদপুর মডেল থানা-পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, অভিযান শেষে জব্দ করা প্রায় এক মণ ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। আইন অমান্য করে ইলিশ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

